টেলিটকে ১০০ কোটি ডলার বিনিয়োগ করবে সৌদি

১৩ ফেব্রুয়ারি, ২০২০ ২১:৪৫  
গ্রাম পর্যায়ে ৪জি টেলিটকের নেটওয়ার্ক সম্প্রসারণ এবং শহরে ৫জি সেবা প্রদানে ১০০ কোটি ডলারের বিনিয়োগ করবে সৌদি আরব। দুই দিনব্যাপী বাংলাদেশ-সৌদি আরব যৌথ কমিশনের (জেসি) ১৩তম সভার শেষ দিন বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) এই প্রতিশ্রুতি দিয়েছেন সৌদির টেলিকম খাতে বিনিয়োগ করা বড় প্রতিষ্ঠান আল-জমিয়াহ গ্রুপ। রাজধানীর শেরে বাংলানগরের এনইসি সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এই দ্বি-পাক্ষিক সভা শেষে এ তথ্য জানা গেছে। সম্মেলনে বাংলাদেশ সরকারের প্রতিনিধিদলের নেতৃত্ব দেন অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) সচিব মনোয়ার আহমেদ এবং সৌদি আরবের প্রতিনিধিদলের পক্ষে নেতৃত্ব দেন সৌদি শ্রম মন্ত্রণালয়ের উপমন্ত্রী মাহির আব্দুল রাহমান গাসিম। ইআরডি সূত্রে জানা গেছে, গ্রাম পর্যায়ে ৪জি টেলিটকের নেটওয়ার্ক সম্প্রসারণ এবং শহরে ৫জি সেবা প্রদানে ১০০ কোটি ডলারের প্রস্তাব দিয়েছে সৌদি আরব। তাদের বিনিয়োগের মাধ্যমে রাষ্ট্রায়ত্ত মোবাইল সেবাদানকারী প্রতিষ্ঠান টেলিটক বাংলাদেশ লিমিটেডের (টিবিএল) অবকাঠামো উন্নয়ন করা হবে। সৌদির টেলিকম খাতে বিনিয়োগ করা বড় প্রতিষ্ঠান আল-জমিয়াহ গ্রুপ টিবিএলকে এই বিষয়ে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে। প্রতি ডলার সমান ৮৫ টাকা ধরে বাংলাদেশি মুদ্রায় টেলিকম খাতে ৮ হাজার ৫০০ কোটি টাকা বিনিয়োগ করবে সৌদি আরব। এ বিষয়ে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার জানিয়েছেন, কোরিয়া, যুক্তরাষ্ট্র, চীনসহ কয়েকটি দেশ টেলিটকে বিনিয়োগে আগ্রহ দেখাচ্ছে। এদের কেউই বিলিয়ন ডলারের নীচে বিনিয়োগ করতে চায় না। ইতিমধ্যেই সৌদির আল-জামিয়াহ গ্রুপ টেলিটকের বিনিয়োগের সম্ভাব্যতা যাচাই করেছে। কয়েকটি ধাপ শেষেই এটি এই পর্যায়ে এসেছে।